সরকার গঠনে যুগ পূর্তিতে পাবনায় আ'লীগের বিশাল আনন্দ মিছিল-সমাবেশ

সমাবেশে বক্তব্য রাখেন নৌকার মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি।

পাবনা প্রতিনিধি: সরকারের একটানা যুগ পূর্তি ও পাবনা পৌর নির্বাচনে আলী মর্তুজা বিশ্বাস সনিকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে পাবনায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন।

আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের বিভিন্ন স্থান থেকে আনন্দ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন অসংখ্য নেতাকর্মীরা। পরে সেখানে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছর পূর্তি এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান। সেইসাথে পাবনায় পৌর মেয়র পদে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনিকে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক আব্দুল মতীন খান, বৈরাম খান, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট কানিজ ফাতেমা পুতুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, উপপ্রচার সম্পাদক হাজী শরীফ,নৌকার মেয়র প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান, সহসভাপতি আজমত আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস হাসানুর রহমান রনি, যুবলীগ নেতা ফাহিমুল কবির খান শান্তনু, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার টানা ১২ বছর ক্ষমতায় থাকায় দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। যার প্রধান কারিগর আওয়ামী লীগ সভাপতি জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা বিশ্বমানবতার মা শেখ হাসিনা। তাঁর সৎসাহসী, দূরদর্শী চিন্তা, দক্ষতা ও কর্ম পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান- সেই স্বপ্ন পূরণ করে চলছেন তাঁরই কন্যা শেখ হাসিনা। তাই নৌকা প্রতীক আজ দেশের মানুষের কাছে উন্নয়নের প্রতীকে পরিণত হয়েছে। একইসংগে বক্তারা পাবনা পৌরসভায় মেয়র পদে আলী মর্তুজা বিশ্বাস সনিকে মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সমাবেশে আলী মর্তুজা বিশ্বাস সনি পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। তাই দলাদলির উর্ধ্বে ওঠে সবাইকে একসাথে নৌকা প্রতীকের বিজয়ী করতে হবে। দ্বন্দ্ব-বিভেদ ভুলে ৩০ জানুয়ারি পাবনা পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেয়ার আহবান জানান তিনি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন