পাবনায় ৬ ঘন্টার মধ্যে অপহৃত ইউপি সদস্য উদ্ধার, গ্রেফতার- ২

 পুলিশের হাতে গ্রেফতার দুই অপহরণকারী।

পাবনা প্রতিনিধি: মুক্তিপনের দাবিতে অপহরণের ৬ ঘন্টার মধ্যে এক ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে অপহরণকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের নগদ টাকা, মোটরসাইকেলসহ দুটি মোবাইল ফোন।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম) এ কথা জানান। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কোবাদ আলী ব্যাপারীকে (৫৩) অপহরণ হয়। অপহরণকারীরা কোবাদ বেপারীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তার পরিবার বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করে। এরপরও অপহরণকারীরা মুক্তি না দেওয়ায় তার পরিবার আমিনপুর থানায় অভিযোগ করেন। তাৎক্ষনিক অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নাসহ একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোবাদকে উদ্ধার অভিযানে নামে। বিকাশ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ চর আশুতোষপুর বাজার এলাকার একটি মেহগনি বাগানে কোবাদ মেম্বরকে আটকে রাখা অবস্থায় অপহরণকারীদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন পাবনা শহরের সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহ’র ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার দুজন পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে নারীদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করে অপহরণ ও পরে মুক্তিপন আদায় করেন। এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এই চক্রের আরও সদস্যদের আইনের আওয়ায় আনার চেষ্টা চলছে। 

এনিয়ে পাবনার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন