বিনোদন প্রতিবেদক: আবারও শুরু হতে যাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ- ২০২০। বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের মূল আয়োজনের সময় কিছুটা পরিবর্তন করে এবছর ২০২১ সালে নেয়া হয়েছে। সোমবার ১১ জানুয়ারি রাজধানী ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলন করে মিস ইউনিভার্স বাংলাদেশের আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, ন্যাশনাল ডাইরেক্টর শফিকুল ইসলাম, আর টিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, নর্থবুক কনসাল্টেন্সি এবং এ্যাড কমের ব্যাবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী, মিস ইউনিভার্স বাংলাদেশ- ২০১৯ শিরিন আক্তার শীলাসহ আরও অনেকে।
এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মিস ইউনিভার্স ২০২০ বাংলাদেশের পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হল বলে জানান আয়োজকরা। এবারে প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, বাংলাদেশের অন্যতম বুদ্ধি, মেধা ও আত্মবিশ্বাস বিবেচনায় রেখে সেরা তরুণীদের বিশ্ব দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ। আমাদের দেশের নারীদের জন্য এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা চলার পথে নানা চ্যালেঞ্জ মোকাবিলাসহ নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসবেন। বর্তমানে নারী নির্যাতন আমাদের সমাজের অন্যতম গুরুতর সমস্যা। এই পদক্ষেপের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে বাংলাদেশের একজন প্রতিনিধি মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন। প্রমাণ করবেন বাংলাদেশের নারীরাও বিশ্বের যেকোনো দেশের নারীদের মতোই আত্মবিশ্বাসী।’
মিস ইউনিভার্স বাংলাদেশের ওয়েব সাইট www.missuniverse.com.bd এর মাধ্যেমে পর্যন্ত আবেদন করা যাবে। ১৩ জানুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হবে। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এবার আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। নিবন্ধন প্রক্রিয়া ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজ www.facebook.com/MUBangladesh এবং ওয়েবসাইট www.missuniverse.com.bd থেকে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই এবং গ্রুমিং শেষে মিস ইউনিভার্স বাংলাদেশের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। বাংলাদেশ পর্বের বিজয়ী আগামী মে মাসে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের মূল আয়োজনে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ সালের গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স ১৯৯৪ এবং বলিউড তারকা সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স। মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর ফ্লোরা ব্যাংক, সহযোগী পার্টনার আরটিভি, মেকওভার পার্টনার পারসোনা এবং পিআর পার্টনার নর্থবুক কনসালটেন্টস লিমিটেড ।

