নিজস্ব প্রতিবেদন: আসন্ন ‘চতুর্থ বিশ্ব শান্তি ও অহিংসা পদযাত্রা ২০২৬, আমার শহরে’ বৈশ্বিক কর্মসূচি উপলক্ষেঈশ্বরদীতে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি সফল করার লক্ষ্যে পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
হিউম্যানিস্ট মুভমেন্ট ঈশ্বরদী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সভায় সামাজিক সংগঠন ‘মানব’ ও ‘কেয়ার ফর হিউম্যানিটি’ ছাড়াও রেলওয়ে নাজিমুদ্দিন উচ্চবিদ্যালয়, সরকারি সাড়া মাড়োয়ারী স্কুল অ্যান্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী ক্রিকেট একাডেমি, ভাষা শহীদ বিদ্যানিকেতন, মানিকনগর স্কুল ও বিমানবন্দর স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
হিউম্যানিস্ট মুভমেন্ট ঈশ্বরদী কেন্দ্রের সমন্বয়ক মাসুম পারভেজ কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বৈশ্বিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত, সবার অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় দক্ষিণ এশিয়ায় ‘চতুর্থ বিশ্ব শান্তি ও অহিংসা পদযাত্রা’ কার্যক্রমের প্রচার ও প্রসারের দায়িত্বে থাকা প্রতিনিধি ডেক্লার মেন্দেস হেগ (অস্ট্রেলিয়া), হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশের সমন্বয় পর্ষদের সমন্বয়ক ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রেসেঞ্জার ঢাকা ব্যুরোর প্যানেল সম্পাদক শেখ মো. আরীফ এবং সহায়তা বিভাগের প্রধান ও নিজস্ব প্রতিনিধি মারুফ উল আলম উপস্থিত ছিলেন।
আলোচকেরা বিশ্বজুড়ে শান্তি, অহিংসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই পদযাত্রার গুরুত্ব তুলে ধরেন এবং সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

