মতবিনিময় সভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মতবিনিময় সভা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে কৃষক-উপজাতি ও পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
 
ঈশ্বরদীর পতিরাজপুর গ্রামে কৃষক, কামার, উপজাতি ও পুলিশের মতবিনিময় সভা হয়েছে।

শুক্রবার জোয়াদ্দার মৎস্য খামারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির ঈশ্বরদী শাখার আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আলী বাদশা। 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার বেলাল হোসেন, ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ, কৃষক তহুরুল ইসলাম মানিক ও জোয়াদ্দার মৎস্য খামারের স্বত্বাধিকারী আবু তালেব জোয়াদ্দার। 

সভা পরিচালনা করেন জাতীয় কৃষক আবদুল জলিল কিতাব মন্ডল।

সভায় বক্তারা বলেন, কৃষকদের সঙ্গে পুলিশের এ ধরনের মতবিনিময় সভা ঈশ্বরদীতে এটাই প্রথম। পুলিশের এমন উদ্যোগে কৃষকরা গর্বিত ও আনন্দিত। অতীতে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটলেও বর্তমান ওসি দায়িত্ব নেওয়ার পর তা অনেকটাই বন্ধ হয়েছে। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।


প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, 'কৃষক ও পুলিশ পরস্পরের ভাই। গ্রামাঞ্চলে পুলিশের পক্ষে প্রতিটি জায়গায় পাহারা দেওয়া সম্ভব না হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি নিরাপত্তা নিশ্চিত করতে। আপনারা বলেছেন, বর্তমান ওসির দায়িত্ব নেওয়ার পর গরু চুরি কমে গেছে—এটি আমাদের পুলিশের জন্য গর্বের বিষয়।' 


কৃষকের জীবনমান উন্নয়নে বাজারে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধান অতিথি। তিনি আরও বলেন, 'কৃষকরা রোদে-পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে ফসল ফলান। অথচ বর্তমানে সবজির দাম পানির চেয়েও কম। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে আরও উদ্যোগ নিতে হবে।' 

অনুষ্ঠানে শতাধিক আদিবাসী নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন