পরিবেশদূষণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পরিবেশদূষণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে নিয়ম ভেঙে আবাসিক এলাকায় তামাকবর্জ্যের স্তূপ, প্রশাসনের নীরবতা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর দাশুড়িয়ায় জনবসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে উন্মুক্ত স্থানে তামাকবর্জ্য ফেলে রাখার ফলে তীব্র পরিবেশদূষণ দেখা দিয়েছে। এতে চরম দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চললেও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দাশুড়িয়া ট্রাফিক মোড়সংলগ্ন নওদাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, এক ব্যবসায়ীর ভাড়া নেওয়া পরিত্যক্ত ধানচাতালে বিশাল এলাকাজুড়ে তামাকবর্জ্যের স্তূপ জমিয়ে রাখা হয়েছে। উন্মুক্ত এই বর্জ্য থেকে সার্বক্ষণিক তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে। পাশাপাশি মাছি ও পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধির কারণে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। দুর্গন্ধে শিক্ষার্থীদের মাথাঘোরা ও বমি বমি ভাবসহ নানা শারীরিক অস্বস্তি দেখা দিচ্ছে।

স্থানীয় অধিবাসী ও শিক্ষকদের অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম না মেনে দীর্ঘদিন ধরে আবাসিক এলাকায় এমন বিষাক্ত বর্জ্য জমা করা হচ্ছে। দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষক গোলাম রাব্বানী খান জুবায়ের বলেন, জনবসতির কাছে সাধারণ আবর্জনার মতো তামাকবর্জ্য উন্মুক্ত ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই বর্জ্যের স্তূপ অপসারণ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

তবে তামাকবর্জ্য সরানো ও পরিবেশদূষণের বিষয়ে বক্তব্য জানতে পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন