নিজস্ব প্রতিবেদক: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঈশ্বরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঈশ্বরদী উপজেলা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক উপপরিচালক নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বিউল্লা মানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভা শেষে সমবায় সংগঠনের ৫২ জন সদস্যের মধ্যে মোট ২৫ লাখ ৪৫ হাজার টাকার চেক ও ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়া সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


