ঈশ্বরদীতে হাটের খাজনা আদায়ে বাধা, চাঁদা দাবির অভিযোগ


নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ইজারা নেওয়া হাটে খাজনা আদায়ে বাধা, চাঁদা দাবি ও ইজারাদারকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী বিভাগীয় কমিশনার- পাবনার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার মো. মাহফুজুর রহমান।

ঘটনাটি ঘটে গ ৩ মে, উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বিশ্বরোড বিডিসি মোড় হাটে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো অভিযোগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেন, বাংলা ১৪৩২ সালের জন্য ডাকা দরপত্রে অংশ নিয়ে ৬ লাখ ৫২ হাজার টাকা ইজারা মূল্য, ৯৭ হাজার ৮০০ টাকা ভ্যাট ও ৬৫ হাজার ২০০ টাকা আয়কর প্রদান করে সরকারি বিধি অনুসারে তিনি এক বছরের জন্য হাটটির ইজারা পান। পরে নিয়ম মেনে হাটের মধ্যে একটি কার্যালয় ভাড়া করে খাজনা আদায় কার্যক্রম শুরু করলে সন্ত্রাসী দল তাকে ও তার সহকর্মীদের মারধরের চেষ্টা করে এবং খাজনা আদায়ে বাধা দেয়।

অভিযোগে আরও বলা হয়, লাঠিসোটা, দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হয়ে ওই সন্ত্রাসীরা হাটে প্রবেশ করে খাজনা আদায় বন্ধ করে দেয় এবং চাঁদা দাবি করে।

ইজারাদার মাহফুজুর রহমান বলেন, 'সব নিয়ম মেনে হাটের ইজারা নেওয়া হয়েছে। কিন্তু একটি চক্র নিয়মিত চাঁদা দাবি করছে ও কাজ করতে বাধা দিচ্ছে। আমি প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, আশা করছি তারা দ্রুত ব্যবস্থা নেবেন।' 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন