নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে পৌর জামায়াত এবং বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় ঈশ্বরদী পৌর জামায়াতের উদ্যোগে র্যালিটি রেলগেটস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কলেজ রোড, হাসপাতাল সড়ক ও পোস্ট অফিস মোড় ঘুরে এটি আবার কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। সমাবেশে তিনি বলেন, ‘রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত করা জরুরি।’ বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এবং ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক।
এ র্যালির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আল আমিন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা রোধ এবং যাকাতভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।
একই দিন বিকেলে ঈশ্বরদী উপজেলার সলিমপুর, পাকশী, সাহাপুরসহ বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামী আলাদা র্যালির আয়োজন করে। এসব র্যালিও স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।


