নিজস্ব প্রতিবেদক: নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত দুইদিনব্যাপী আন্তর্জাতিক শিশু সাহিত্য উৎসবে ঈশ্বরদী থেকে দুইজন অংশগ্রহণ করেছেন। তাঁরা হলেন দাশুড়িয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান এবং স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম রিপন।
বুধবার তাঁরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে কাঠমুন্ডুতে রওনা হন। কাঠমুন্ডুতে পৌঁছানোর পর নেপাল একাডেমির সদস্যরা তাঁদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান।
নেপাল থেকে হাসানুজ্জামান জানান, এই উৎসবটি নেপাল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়, যেখানে ২০ ও ২১ সেপ্টেম্বর বিভিন্ন দেশের শিশু সাহিত্যিক, কবি ও লেখক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক, সুইজারল্যান্ড, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এবং ভুটানসহ মোট ১৩টি দেশ অন্তর্ভুক্ত ছিল।

