ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিভেদক: ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে জিহাদ হোসেন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে একটি পরিত্যক্ত ভবনের জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

জিহাদ হোসেন মুর্শিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জিহাদের বড় ভাই মোহাম্মদ শুভ বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে খেলাধুলা করছিল জিহাদ। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। রাত ১২টার দিকে তেঁতুলতলা গোডাউনের ভেতরে জিহাদের পরনের হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গোডাউনের জঙ্গলের মধ্যে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, শুক্রবার রাতেই ওই শিশু নিখোঁজের ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহে আঘাতের চিহ্ন আছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন