নিজস্ব প্রতিবেদক: মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে দুই ভাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের মঞ্জু মোল্লার ছেলে সবুজ মোল্লা (৩০) ও তার ছোট ভাই হৃদয় মোল্লা (১৫)।
সবুজ মোল্লা পেশায় একজন মুদি ব্যবসায়ী ও হৃদয় মোল্লা একজন স্কুলছাত্র। এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
পরিবারের দাবি, গত রাতে তাদের দুজনকে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে ডেকে নিয়ে নৃশংস এ হত্যাকান্ড ঘটায়। তাদের দুজনকেই দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে দুজনের মরদেহ স্থানীয় একটি মাঠে ফেলে রেখে যায়। রোববার ভোরে এলাকাবাসী মরদেহ দুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

