মা-ছেলেসহ চারজনকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ মা, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

৯৯৯-এ কল করে নির্যাতিত পরিবারের সদস্যরা মুক্ত হন। ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে মধুপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পুন্ডুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নির্যাতনের শিকাররা হলেন ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী শাফিয়া বেগম (৫৫), বড় ছেলে আলমগীর হোসেন, ছোট ছেলে জুব্বার আলী ও আলমগীরের স্ত্রী জ্যোসনা বেগম। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে ময়মনসিংহ মেডিকেলে এবং শাফিয়া ও জ্যোসনাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, পুন্ডুরার মৃত নুরুল ইসলামের দুই ছেলে আলমগীর, জুব্বারের সঙ্গে প্রতিবেশী কালু মিয়া সেখসহ তার ভাইদের সঙ্গে ১.১৯ একর জমি নিয়ে বিরোধ বহুদিন থেকে। দুই পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে। মঙ্গলবার সকালে কালু মিয়া গং বিবদমান ৬০ শতক জমিতে গিয়ে ঘর নির্মাণ শুরু করেন। আলমগীর, জুব্বাররা বাধা দিতে গেলে তাদের প্রথমে পিটিয়ে পরে গাছের সঙ্গে বেঁধে ফেলে তারা। মা শাফিয়া ফেরাতে গেলে প্রতিপক্ষ তাকেও গাছে বেঁধে ফেলে। পরে নির্যাতিতদের পক্ষে ৯৯৯-এ কল করে সাহায্য চাওয়া হলে মধুপুর থানা পুলিশ এসে বাঁধা অবস্থা থেকে তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ ও স্থানীয় মাতাব্বররা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। মধুপুর থানাকে ফোন করে জানানো হয়।

এ বিষয়ে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, দুই পক্ষকে ডেকে এনে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তি রক্ষায় জমিতে যেতে বারণ করা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন