![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: ফোকাস বাংলা |
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আগামী ১২ ও ১৩ মে ঢাকায় ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স—আইওসি) অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশন ষষ্ঠবারের মত এই সম্মেলনের আয়োজন করছে।
ঢাকায় অবস্থানকালে এই সম্মেলনে যোগ দিয়ে মূল বক্তব্য দেবেন জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
গত বছরের এপ্রিলের শেষদিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তারও আগে ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি প্রথম ঢাকা সফর করেন ২০১৯ সালে।

