![]() |
নিজস্ব প্রতিবেদক: সড়কে ভিআইপিদের আইন মেনে চলার তাগিদ দিয়েছেন সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনেক ভিআইপি রাস্তায় একটু জটলা দেখলে
রং সাইডে (ভুল পথে) চলে যান বলেও উল্লেখ করেছেন তিনি।
পবিত্র ঈদুল
ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে রোববার
দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়
সভায় মন্ত্রী এ কথা বলেন।
ভিআইপিদের আইন মানার পাশাপাশি রাজনৈতিক
প্রভাবভুক্ত থেকে মোটরসাইকেল আরোহীদেরও আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে
নির্দেশ দেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘আইন আমরা অনেকেই মানি
না। ঈদের সময় আমাদের অনেক ভিআইপি রাস্তার রং সাইডে চলাচল করে। একটু জটলা
দেখলেই রং সাইডে চলে যায়। এখন ভিআইপি মানুষটা যদি আইন না মানেন- তবে আর
সাধারণ মানুষের দোষ কী? প্রথমে ভিআইপিদের আইন মানতে হবে।’
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ
সভায় মন্ত্রী ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি
বলেন, ‘মানুষ যেন ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারে, তাই যার যে দায়িত্ব তিনি
সেভাবে সেই দায়িত্ব পালন করুন। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ।’
মন্ত্রী
বলেন, ‘সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার। সড়কে সেটা কার্যকর হয়নি।
পরিবহনেও হয়নি। আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে। তবে
ডিসিপ্লিন কীভাবে কার্যকর করতে পারা যাবে- সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ডিসিপ্লিন থাকলে যানজট ও দুর্ঘটনা কমবে। এখন গতানুগতিক একটা মিটিং করে এবং
বক্তব্য দিয়ে যদি মনে হয় দায়িত্ব শেষ হয়ে গেছে...তাহলে শৃঙ্খলা ফেরানো যাবে
না।’
নবীনগর ও চন্দ্রার যানজটের অভিজ্ঞতার কথা তুলে ধরে কাদের
বলেন, ‘সেখানে রাত পার হয়ে ভোর হয়ে যায়। সড়কে আনফিট গাড়ি থাকে। চালক
অতিরিক্ত গাড়ি চালিয়ে ঘুমিয়ে পড়েন। এভাবেই সময় নষ্ট হয়।’
ঈদের আগে পাঁচদিন ও পরে সাতদিন ২৪ ঘণ্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মতবিনিময়
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন
শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ
বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী
আবদুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ ও
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

