সংসদের বিশেষ অধিবেশন শুরু, ৯ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব ‍গৃহীত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার একাদশ সংসদের ২২তম অধিবেশনটি বেলা ১১টায় শুরু হয়। অধিবেশনে আজ সর্বস্মতিক্রমে দুইজন সাবেক মন্ত্রী, সাতজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব গৃহিত হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের প্রথম কার্য দিবসে এ শোক প্রস্তাব উত্থাপন করেন। খবর বাসসের।

যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়েছে তারা হলেন প্রথম জাতীয় সংসদের তৎকালীন যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী, নবম জাতীয় সংসদে ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলী, সাবেক তথ্যমন্ত্রী ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান, অষ্টম জাতীয় সংসদে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য সামসুল আলম প্রামানিক, অষ্টম জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোজাম্মেল হক, পঞ্চম জাতীয় সংসদের ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত কামরা পরিচারক মো. সিদ্দিকুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
শোক প্রস্তাবে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মহান মুক্তিযুদ্ধকালীন ছবির চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদার এবং র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।

গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি’র আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এ অধিবেশন চার কার্যদিবসের মতো চলতে পারে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। এদিন (শুক্রবার) বেলা ৩টায় বসবে সংসদের বৈঠক। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মারক বক্তৃতা করবেন। বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটিই জাতীয় সংসদে শেষ ভাষণ হতে পারে। রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৩ এপ্রিল তার দ্বিতীয় মেয়াদ শেষ হতে যাচ্ছে।

রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের বৈঠক। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন। এরপর তিনি ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য দেবেন। এরপর তা গ্রহণ করা হবে।

২০২০ সালের নভেম্বরে বাংলাদেশের সংসদের ইতিহাসে প্রথমবারের মতো বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওই বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিনই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে সংসদে একটি প্রস্তাব এনেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রস্তাব নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সরকারি ও বিরোধীদলীয় ৭৯ সংসদ সদস্য এর ওপর ১৯ ঘণ্টা ৩ মিনিট আলোচনা করেন। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন