ঈশ্বরদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পল্লব (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার উপজেলা সদরের বিহারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পল্লব আমবাগান এলাকার মজনুর ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, পল্লব শনিবার বিকেলে ফতেমোহাম্মদপুর এলাকা থেকে পায়ে হেঁটে নিজের বাড়িতে আসছিলেন । এ সময় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী গ্রুপটি তাঁকে ঘিরে ফেলে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মালিহা ফাইরুজ। তিনি বলেন, আহত ব্যক্তির পেটে ছুরিকাঘাতের গুরতর জখম আছে।

এ সময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন