দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় হামলা এই প্রথম

 ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ছবি: রয়টার্স

বিশ্ব ডেস্ক:  ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে সর্বশেষ কী ঘটছে, কে কী বলছেন ও সামনে কী ঘটতে পারে, তা নিয়ে বিশ্লেষণ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তা তুলে ধরা হলো:

এ পর্যন্ত কী হলো:
  • রাশিয়া আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনের স্থল, আকাশ ও নৌপথে হামলা চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো একটি দেশের ওপর আরেকটি দেশের এত বড় হামলা এই প্রথম।
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর উদ্দেশ্য ইউক্রেন দখল নয়; বরং দেশটিকে সামরিকায়নের হাত থেকে উদ্ধার করা।
  •  হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভে শোনা যায় বিস্ফোরণের শব্দ।
  •  এ হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি রাশিয়ার ওপর সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানান। তিনি বলেন, পুতিন ইউক্রেনকে ধ্বংস করতে চা।
  • হামলার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সমস্ত সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে। ইউরোপের আর্থিক বাজারের ব্যাংকগুলোতে রাশিয়ার প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।
  • হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এ যুদ্ধ পুতিনের পূর্বপরিকল্পিত। ওয়াশিংটন ও তার মিত্ররা রাশিয়ার ওপর ‘চরম নিষেধাজ্ঞা’ আরোপ করবে।
  • ইউক্রেনে রাশিয়ার এ হামলাকে আগ্রাসন বলতে নারাজ চীন। দেশটি সব পক্ষকে শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েছে।
  • ইউক্রেন সাধারণ বিমান পরিবহন বন্ধ ঘোষণা করেছে।
যে যা বললেন

সামরিক অভিযানের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘ক্রমাগত সহিংস আচরণ ও গণহত্যার শিকার মানুষদের সুরক্ষায় আমি একটি সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে ইউক্রেনের সামরিকায়ন ও নাৎসিকরণ বন্ধের চেষ্টা করব।’ পুতিন আরও বলেন, অনেক সাধারণ নাগরিকের রক্ত ঝরানোর কাজ যাঁরা করেছেন, তাঁদের বিচারের আওতায় আনতে এ অভিযান।

অভিযান শুরুর পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে বলেন, ‘পুতিন এইমাত্র ইউক্রেনে পুরো মাত্রার আগ্রাসন শুরু করেছে। ইউক্রেনের শান্ত শহরগুলো হামলার মুখে।’
 
এখন কী হবে
  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-সেভেনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে বসবেন।
  • আজই রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন।
  • ন্যাটোর রাষ্ট্রদূতেরা আজ এক জরুরি বৈঠকে বসবেন।
  • রাশিয়ার সামরিক অভিযানের বিষয়ে নিন্দা প্রস্তাব আনতে নিরাপত্তা পরিষদ আলোচনা করবে।
  •  ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের নীতিনির্ধারকেরা এক জরুরি বৈঠকে বসছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন