ঈশ্বরদী আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি করতে নাম প্রস্তাব

 বাংলাদেশ আওয়ামী লীগ। 

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ নতুন কমিটি সম্মেলনের সাড়ে চার মাস পর জমা পড়েছে জেলা কমিটিতে। গতকাল বুধবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা-৪ আসনের সাংসদ প্রবীণ নেতা নুরুজ্জামান বিশ্বাস জেলা কমিটিতে পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এখনই তা অনুমোদন হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

গোলাম ফারুক প্রিন্স বলেন, ‘এখন আমাদের পাবনা জেলা কমিটি নিয়ে ব্যস্ততা আছে। তবে দলীয় সভায় নামগুলো যাচাই-বাছাই ও আলোচনা করে উপজেলা কমিটির নাম অনুমোদন দেওয়া হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি সম্মেলনের পর ঈশ্বরদী উপজেলা পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পর গত বছর ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হন নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক হন আবুল কালাম আজাদ মিন্টু। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) এস এম কামাল হোসেন সম্মেলন শেষে রাতেই উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত ওই দু’জনের নাম ঘোষণা করেন। কমিটির বাকি সদস্যদের নাম দ্রুত ঘোষণা করার কথা থাকলেও করোনা সংকটসহ নানা কারণে তা করা সম্ভব হয়নি বলে দলীয় সূত্রগুলো দাবি করেছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন