| পাবনার বীর মুক্তিযোদ্ধা গীতা তালুকদারসহ ৬ নারী বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। |
নিজস্ব প্রতিবেদক: পাবনার বীর মুক্তিযোদ্ধা গীতা তালুকদারসহ (পূরবী মৈত্র) সাত নারী মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন প্রমুখ।
যেসব নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি গীতা তালুকদার (৭০), আটঘরিয়া উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের সাধু মিস্ত্রির মেয়ে সোনা বালা (৭২), আটঘরিয়া উপজেলার বংশীপাড়ার ভুবন সরকারের মেয়ে মায়া রাণী (৭৩), আটঘরিয়া উপজেলার কর্ন্দপপুর গ্রামের ছোলেমান প্রামানিকের মেয়ে মোছা. জমেলা খাতুন (৭৬), পাবনা শহরের রাধানগর এলাকার ক্ষিতীশ চন্দ্রের মেয়ে সুমতি রাণী সাহা (৭০), বেড়া উপজেলার সম্ভুপুর গ্রামের শফি উদ্দিনের মেয়ে শামসুন্নাহার (৭৫) এবং সাঁথিয়া উপজেলার নন্দনপুর গ্রামের নগেন হালদারের মেয়ে বানু নেছা (৭৮)। মহান মুক্তিযুদ্ধের সময় পাবনার এই সাত নারী মুক্তিযোযোদ্ধা সম্মুখ সমরে বীরত্বপূর্ণ অবদান রাখেন।
উল্লেখ্য, নারী বীরমুক্তিযোদ্ধা গীতা তালুকদার (পূরবী মৈত্র) একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও ভাষাসৈনিক রণেশ মৈত্রের সহধর্মিণী।
