| মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। |
নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পাচ্ছেন সান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।
২০১৯-২০ অর্থ বছরে সেবা খাতে জেলা পর্যায়ে শীর্ষ মূল্য সংযোজন কর (ভ্যাট) দাতা প্রতিষ্ঠানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।
আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে অনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।
গত ১৬ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের জাতীয় রাজস্ব বোর্ডের (মুসক) প্রশিক্ষন ও পুরস্কার বিভাগের দ্বিতীয় সচিব ফাহমিদা মাহজাবিনের সই করা গেজেট থেকে এতথ্য জানা গেছে।
অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, এটি মূলত প্রতিষ্ঠানিক সততার স্বীকৃতি। আমরা নিয়মিত কর পরিশোধের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছি। এটাই সবচেয়ে বড় বিষয়।
জেলার সেরা করদাতা নির্বাচিত হওয়ায় সান টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানিয়েছেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
