ঈশ্বরদীতে মেশিনে পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: তুলার কারখানায় কাজ করার সময় মেশিনে মাথার চুল পেঁচিয়ে নাছিমা বেগম (৩৯) নামে এক নারীশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামে ‘আব্দুর রাজ্জাক তুলার কারখানা’য় এ দুর্ঘটনা ঘটে।

নাছিমা ওই ইউনিয়নের চরমিরকামারি দাইড়পাড়া গ্রামের রাফিদুল প্রামাণিকের স্ত্রী।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালে কারখানার কাজে আসেন নাছিমা। এসময় তিনি সেফটি সামগ্রী ছাড়াই একটি মেশিন পরিষ্কার করতে গেলে প্রথমে মেশিনের সঙ্গে তাঁর চুল পেঁচিয়ে যায়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। মেশিনে চুল পেঁচিয়ে মাথা থেঁতলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এদিকে তুলা কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এঘটনায় কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি থানায়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন