পাবনায় করোনায় মৃত্যু ২, নতুন আক্রান্ত ৮৮

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ রোগীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

মৃতরা হলেন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের সুর্য সরকারের ছেলে আব্দুর রশিদ সরকার (৫০) এবং আরিফপুর মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে ইয়াসমিন আক্তার (৩৮)। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখনও বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন।

পাবনার সিভিল সার্জন মনিসর চৌধুরী জানান, ‘করোনা সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়ায় এবং বিভিন্ন এলাকায় মানুষের নির্বিঘ্নে চলাচলের কারণে পাবনাতেও করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে।’ সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার কথাও বলেন তিনি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন