ঈশ্বরদীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

আলোচিত ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার মামুন মোল্লা পুলিশের হেফাজতে।

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে মা-মেয়েকে চাকু ঠেকিয়ে সোনার চেন ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হলেন, উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে মামুন মোল্লা।

এ ঘটনায় মামুনকে শুক্রবার আদালতে হাজির করা হলে ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন রাত আটটায় মেয়েকে নিয়ে রিকশাযোগে বাড়ি ফিরছেন ঈশ্বরদী উপজেলা সদরের স্কুলপাড়া কামানী হাসপাতাল রোড এলাকার বাসিন্দা নাজমুল নাহার ও তাঁর মেয়ে ফারহা দিবা। নিজ বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁদের রিকসা থামান। ছুরি উঁচিয়ে গলা থেকে সোনার সেইন কেড়ে নিয়ে সটকে পড়েন ওই তিন যুবক।

বাড়ির সিসিটিভি ফুটেজে ধারণ করা সে দৃশ্য কয়েক দিন ধরে শেয়ার হয় ফেসবুকে। এরপর থেকেই উপজেলাটিতে আলোচনার বিষয় হয়েছে ছিনতাই। এ ঘটনার পর থেকে অনেকেই ফেসবুকে নিজেদের ভুক্তোভোগী হওয়ার কথা জানিয়ে পোষ্ট দিতে থাকেন। তখন থেকে পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলামের নির্দেশনা মোতাবেক ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবীসহ পুলিশের একটি দল তদন্ত শুরু করেন। সর্বশেষ সিসিটিভির ফুটেজ বিশ্লেষন ও প্রযুক্তির ব্যবহার করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামী মামুনকে গ্রেপ্তার করা হয় নিজের বাড়ি থেকে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করে পুলিশ ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, স্কুলপাড়ার মা-মেয়ের স্বর্ণের ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার রাতে আমরা সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন থেকে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করি। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন