সংবাদ ডেস্ক: ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।
শুক্রবার রাতে তাঁরা ঈশ্বরদী বাজারের রেলওয়ে বুকিং কাউন্টার এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় নুরুজ্জামান বিশ্বাস সাংবাদিকদের জানান, “বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, “সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। আমরা যারা সংসদ সদস্য আছি, তারা সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি।”
কম্বল পেয়ে রেলওয়ে স্টেশনে রাতযাপনকারী আলী আহাম্মদ বলেন, তার বাড়ি জামালপুরের বকশিগঞ্জ। কাজের উদ্দেশে পরশু তিনি বাড়ি থেকে বের হয়েছেন। একটি ছেঁড়াকাঁথা ও গায়ের শার্টটিই তার সম্বল। এমপির হাত থেকে কম্বল পেয়ে অন্তত রাতে ঘুমাতে পারবেন তিনি।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের যুগ্ন-আহবায়ক ও সরকারি কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া ও এমপি নুরুজ্জামান বিশ্বাসের ছেলে তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

