আলী যাকেরের মৃত্যুতে সাবেক এমপি মঞ্জুর বিশ্বাসসহ বিভিন্ন মহলের শোক

আলী যাকের। ফাইল ছবি

সংবাদ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউএরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস।

এক শোকবার্তায় তিনি বলেন, বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, নির্দেশক, কলামিস্ট, নাট্য সংগঠক ও স্বনামধন্য বিজ্ঞাপন সংস্থার কর্ণধার। টেলিভিশন ও মঞ্চ নাটকে সমান জনপ্রিয়। বিভিন্ন টিভি নাটকে তার অভিনয়ের মুন্সিয়ানা দর্শকের হৃদয় ছুঁয়েছে। এ শক্তিমান অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি তার অভিনয় ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে দেশের অগণিত দর্শকের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।

এছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, আব্দুল খালেক, মুক্তিযুদ্ধের শহীদস্মৃতি পাঠাগার ঈশ্বরদী শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য অভিনেতা আলী যাকের। তিনি গত কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগেও ভুগছিলেন তিনি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন