ঈশ্বরদীতে ইউএনওর মতবিনিময় ও বাজার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: 
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস। পরে তিনি বাজার ঘুরে বিভিন্ন দোকানের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের নির্বাহী সদস্য মাহমুদুর রহমান জুয়েল, রবিউল আওয়াল, সজীব প্রামাণিকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার প্রধান সহকারী মাসুদুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আবুল কায়সার সুজা, পরিচ্ছন্নতা পরিদর্শক অলিউজ্জামান রুয়েল এবং আশিকুর রহমান রুপমও অংশ নেন।

মতবিনিময় শেষে ইউএনও সাংবাদিকদের নিয়ে বাজার পরিদর্শনে যান। এ সময় তিনি দোকানদারদের সতর্ক করে বলেন, রাস্তার ওপর মালপত্র রেখে জনসাধারণের চলাচলে কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি করা যাবে না। পাশাপাশি রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন