ইনজুরিতে কোপা কাপ মিস নেইমারের

নিজস্ব প্রতিবেদক: ইনজুরি আর নেইমার; যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তরুণ এই ফুটবলারের মাঝে অপার সম্ভাবনা ছিল ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হওয়ার। কিন্তু প্রতিবারই সেই সম্ভাবনার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। চোটের কারণে মাঠে থাকার চেয়ে মাঠের বাহিরেই তাকে বেশি সময় কাটাতে হয়েছে।

এমনও পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছে যে, এক চোট কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই আবার চোটের কারণে তাকে ফের যেতে হয়েছে মাঠের বাইরে। সেটিও লম্বা সময়ের জন্য। অনেক বড় বড় টুর্নামেন্ট থেকেও তার ছিটকে যাওয়ার নজির রয়েছে বেশ কয়েকটি।

এবারে তেমনই এক ইনজুরি নেইমারের কাছ থেকে কেড়ে নিচ্ছে কোপা আমেরিকার আগামী আসরে খেলতে পারার।

১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় গোড়ালির চোটে পড়েন নেইমার। আর সেই চোটই তাকে ছিটকে দিচ্ছে আসন্ন কোপা আমেরিকা থেকে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাজিলের রেদে৯৮ রেডিওকে দেশটির জাতীয় ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, ‘নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ ঠিকঠাক মতো পার না করে তাকে কোপায় খেলার জন্য যদি তাড়াহুড়ো করা হয় তবে সেটি ঝুঁকির কারণ হবে। আর এমন অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না। আমরা আশা করছি আগামী বছরের আগস্টে মাঠে ফেরার জন্য ও পুরোপুরি ফিট হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। ৯ মাসের আগে ওর ফেরা নিয়ে কথা বলাটা জলদি হয়ে যায়। হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্য একটু সময় লাগবেই, এটা বৈশ্বিক ধারণা। জৈবিক এ সময়কে মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ, লিগামেন্ট পুনর্গঠনের জন্য শরীর এতটুকু সময় নেয়।’

যুক্তরাষ্ট্রে আগামী বছরের কোপা আমেরিকার পর্দা উঠবে ২০ জুন থেকে। টুর্নামেন্ট শেষ হবে ১৪ জুলাই। আসন্ন এই টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া ও প্যারাগুয়ে। আর বাছাইপর্ব থেকে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যেকোনো এক দল খেলবে এই গ্রুপে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন