ঈশ্বরদীতে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সাজিম হোসেন।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে একটি পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম সাজিম হোসেন (১৯)। সে ওই ইউনিয়নের মানিকনগর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাজিম প্রায়ই সাঁতার শেখার জন্য বন্ধুদের নিয়ে পুকুরে যেত।
সোমবার দুপুরের দিকে সে তাঁর কয়েক বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখতে নামে। কলাগাছ ধরে সাজিম পুকুরের পাড় থেকে কিছুটা দূরে চলে যায়। হঠাৎ কলাগাছ থেকে তার হাত ফসকে পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে সন্ধান চালান। পরে বেলা একটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পুকুরে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন