শুক্রবার চাঁদের দেখা মেলার নিশ্চয়তা থেকে সরলো আবহাওয়া অধিদপ্তর

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (২৯ রমজান) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে বলে নিশ্চয়তা দিলেও সমালোচনার মুখে সেই অবস্থান থেকে সরে এসেছে আবহাওয়া অধিদপ্তর ।

শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদন গত বুধবার রাতে সংশোধন করে সরকারি দপ্তরটি বলেছে, চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে শুক্রবার চাঁদ দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের চাঁদের স্থানাঙ্ক প্রতিবেদনে বলা হয়েছিল, ২১ এপ্রিল শুক্রবার সন্ধ্যাকালীন গোধুলীর পর বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ২১ এপ্রিল চাঁদ চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে। তখন চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৩৪০৫ দিন। এদিন সূর্যাস্তের সময় চাঁদের অ্যালটিচিউড থাকবে ১৬ ডিগ্রিতে।

ঈদের চাঁদ দেখা যাওয়া নিয়ে আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনা হয়।

যদিও অধিদপ্তরটির কর্মকর্তারা বলেছিলেন, কবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে সেই পূর্বাভাস তারা দিয়েছেন, কিন্তু ঈদ কবে হবে তা জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় নির্ধারণ করা হবে।

চাঁদ দেখার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আগের বক্তব্য সংশোধন করলেও ২২ এপ্রিল বাংলাদেশের সব জায়গা থেকেই বড় আকারের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে।

এ বছর ২৯টি রোজা শেষে আগামী ২২ এপ্রিল ঈদ হতে পারে ধরে নিয়ে ২১, ২২ ও ২৩ এপ্রিল রোজার ঈদের ছুটি নির্ধারণ করা আছে। ঈদের আগে বৃহস্পতিবার নির্বাহী আদেশে রোজার ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে গত বুধবার শব-ই কদরের ছুটি থাকায় ওই দিন থেকেই টানা পাঁচ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন