ঈশ্বরদীতে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দরিদ্র মানুষের মাঝে 'ঈদ উপহার' সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল দশটায় উপজেলা সদরের সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ সব বিতরণ করেন ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রেজাউল করিম পিএসস।  

বগুড়া সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বগুড়ার বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন দপ্তরের ব্যবস্থাপনায় ঈশ্বরদী মিলিটারি ফার্মের সৌজন্যে  ২০০ জন স্থানীয়দের মধ্যে ঈদ উপহার হিসেবে চাউল, ডাল, সেমাই, চিনি, তেল ও তরল দুধ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু, ওয়াকিল আলম ও নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন সহ ঈশ্বরদী মিলিটারি ফার্মের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে সমন্বয় করেন ঈশ্বরদী মিলিটারী ফার্মের মেজর মঈনুল ইসলাম।

এদিকে সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন