নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিশ্ব পেক্ষাপটে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভের অন্যতম প্রধান উৎস রেমিট্যান্সপ্রবাহে ফের উল্লম্ফন দেখা দিয়েছে।
সদ্য সমাপ্ত মার্চ মাসে বিভিন্ন দেশে অবস্থানকারী সোয়া কোটি প্রবাসী সব মিলিয়ে ২০১ কোটি ৭৭ লাখ (২.০২ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন। এই অঙ্ক গত সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের মার্চের চেয়ে সাড়ে ৮ শতাংশ বেশি।
রোজার মাসে সব সংসারেই বাড়তি খরচ হয়। প্রয়োজনীয় সেই ব্যয়ের বিষয়টি বিবেচনায় রেখেই প্রবাসীরা পরিবার-পরিজনের কাছে বেশি অর্থ দেশে পাঠানোয় মার্চে রেমিট্যান্সে ফের উল্লম্ফন হয়েছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংকাররা।
২০২২ সালের মার্চে ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ১ বিলয়ন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে। পরের মাস আগস্টে আসে কিছু কম, ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার। এর পর গত ছয় মাসের কোনো মাসেই প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি।
আর মার্চ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসায় চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সবমিলিয়ে ১৬ দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।

