রাষ্ট্রপতি মনোনয়ন চমক দেখালেন প্রধানমন্ত্রী: নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রার্থী মো. সাহাবুদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা জানান পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। রাষ্ট্রপতি পদে প্রধানমন্ত্রী বরাবরের মতোই চমক দেখিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

রোববার রাতে উপজেলা সদরের বকুলের মোড় এমপির বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।

নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, ‘সাহাবুদ্দিন খুবই ভালো, সৎ ও পরিচ্ছন্ন মনের মানুষ। তিনি অনেক দক্ষ ও মেধা সম্পন্ন মানুষ। তার রাজনৈতিক জীবনেও অনেক ইতিহাস রয়েছে। এ যুগে সাহাবুদ্দিনের মতো মানুষ পাওয়া সত্যিই কঠিন। আমাদের প্রত্যাশা তার মাধ্যমে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা যে তিনি জহুরীর মতো হিরা চিনতে ভুল করেননি।’

তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিন মাঠের রাজনীতি করেছেন। রাজনীতি করতে গিয়ে তিনি ঝুঁকি নিয়েছেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছেন। যিনি মুক্তিযোদ্ধা, যার মধ্যে ভদ্রতা, নম্রতা একইসঙ্গে রাজনৈতিক প্রজ্ঞা সব কিছুরই সমন্বয় আছে। আর এ বিষয়ে বিএনপির অনাগ্রহের কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অশ্রদ্ধা।’

‘অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা, সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন’ উল্লেখ করে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, ‘১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে স্বাধীনতার পতাকা উত্তোলনকারীদের অন্যতম ছিলেন মো. সাহাবুদ্দিন। ১৯৬৭-৬৮ সালে তিনি পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৬৯-৭০ সালে পাবনা জেলা ছাত্রলীগের সহসভাপতি, ১৯৭০-৭৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪-৭৫ সালে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মিছিল করেছিলেন এবং সেই অপরাধে ২০ আগস্ট অ্যাডভোকেট সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৩ বছরের বেশি সময় তিনি কারাগারে অবরুদ্ধ ছিলেন। কারামুক্তির পর তিনি ১৯৮০ সালে পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।’

‘এরপর অ্যাডভোকেট সাহাবুদ্দিন বিসিএস জুডিশিয়াল ক্যাডারে যোগদান করেন এবং ১৯৯৫-৯৬ সালে তিনি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হন’ জানিয়ে এমপি বলেন, ‘সিনিয়র জজ হিসেবে অবসরের পর তাকে প্রধানমন্ত্রী দুর্নীতি দমন কমিশনার হিসেবে দায়িত্ব দেন এবং সেই দায়িত্ব পালনকালে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ যে অসত্য সেটি তুলে ধরতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আপনারা জানেন, পদ্মা সেতুতে যেকোনো দুর্নীতি হয়নি সেটি কানাডার আদালতে প্রমাণিত হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে  মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আতম শহিদুজ্জামান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব জিতু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় প্রমুখ।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন