ঈশ্বরদী সরকারি কলেজে বর্ণিল আয়োজনে বসন্তবরণ

নিজস্ব প্রতিবেদক: সকাল থেকেই ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাসে বিরাজ করছিল অন্য রকম উৎসবমুখর পরিবেশ। মেয়েরা রংবেরঙের শাড়ি আর রঙিন ফুলে ফুলে নিজেকে সাজিয়ে আর ছেলেরা রঙিন পাঞ্জাবি পরে ক্যাম্পাস আড্ডায় মেতে ওঠেন। এই রঙিন আড্ডার সুযোগ হাতছাড়া করেননি প্রাক্তন শিক্ষার্থীরাও। অনেকেই বন্ধুদের সঙ্গে হাতে হাত রেখে কলেজ ক্যাম্পাসে হেঁটেছেন, কেউ ক্যাম্পাসের নিরিবিলি চত্বরে বসে আড্ডা দিয়েছেন।

বসন্তবরণের মূল আয়োজন ছিল কলেজ শাখাকে কেন্দ্র করে। দিনব্যাপী সেখানে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। পাশাপাশি চলে পিঠা উৎসব। সেখানে স্থান পায় বাহারি নাম আর স্বাদের পিঠা। 

মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উৎসবে অংশ নেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজা খাতুন।

এসময় স্বাগত বক্তব্য দেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মুরাদ আলী, বাংলা বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম ও ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি মাহবুবুল হক দুদু প্রমুখ।   

এরপর সেখানে সারা দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের ঢল নামে কলেজ প্রাঙ্গণে। বসন্তবরণ করে দিনভর ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আড্ডা-গল্পে মেতেছেন নতুন আবেশে। উৎসবে ছিল বসন্ত কথন, বসন্তের গান, কবিতা, নৃত্যানুষ্ঠান এবং ফিউশন বাউল।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন