নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীকে দৃশ্যমান আধুনিক শহরে রুপান্তর করার লক্ষ্যে ‘রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরোটরিয়াল ডেভেলমেন্ট প্রকল্প (আরইউটিডিপি) কর্মকর্তারা ঈশ্বরদী পৌরসভার মেয়র, কর্মকর্তা, কাউন্সিলর ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার সকালে পৌর সম্মেলনকক্ষে ঈশ্বরদী পৌরসভা এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা।
রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরোটরিয়াল ডেভেলমেন্ট প্রকল্পের প্রধান কর্মকর্তা সুধীর কুমার শর্মা ঈশ্বরদীতে আধুনিক শহরে রুপান্তর করার ক্ষেত্রে সে সকল উন্নয়নমূলক কাজ করা হবে তা তুলে ধরেন। কাজগুলোর মধ্যে রয়েছে আধুনিক বাস টার্মিনাল, কমিউনিটি সেন্টার, শিশু পার্ক, ফুট ওয়্যার ব্রিজ, পশু হাট সংস্কার, পরিচ্ছন্নতাকর্মীদের আধুনিক বাসস্থান, পাবলিক টয়লেট নির্মাণসহ সড়ক ও ড্রেন নির্মাণ।
সুধীর কুমার শর্মা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশা আাগমী ৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করা। এজন্য দেশের প্রতিটি শহরকে আগে আধুনিক শহরে রুপান্তর করা। তাই সরকার দেশের প্রতিটি শহরকে আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, আগামী সাত বছরের মধ্যে ১০২ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদীর উন্নয়নে এসব প্রকল্পের কাজ করা হবে। কাজ শেষ হলে ঈশ্বরদী আধুনিক শহরে দৃশ্যমান হবে।
মেয়র ইছাহক আলি মালিথা বলেন, ঈশ্বরদীকে পরিচ্ছন্ন আর আধুনিক শহরে রুপান্তর করতে আমরা সকলে চাই। তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
এ সভায় মতামত তুলে ধরে আরও বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী আবু জাফর, প্যানেল মেয়র আবুল হাশেম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, শিক্ষক মনিরুজ্জামান, সাংবাদিক মহিদুল ইসলাম প্রমুখ।

