শিশুহত্যা মামলায় ঈশ্বরদীতে একজনের যাবজ্জীবন জেল

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সাত বছর বয়সী শিশু রহিম হত্যার আলোচিত মামলায় মো: রাসেল হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদ প্রদান এবং ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ মঙ্গলবার অপরাহ্নে পাবনায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের আসাদুল মেকারের ছেলে রাসেল সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় জগলু শাহের শিশু পুত্র রহিমকে (৭) মানিকনগর এলাকায় একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে বলাৎকারের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত রহিমের বাবা জগলু শাহ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে রাসেলকে আসামী করা হয়। পুলিশ আসামি রাসেলকে গ্রেপ্তার করে। অপরদিকে আদালতে ওই হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামী রাসেল।

উভয়পক্ষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় দেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন