ঈশ্বরদীতে আ.লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী আনিসুল

উপজেলা সমাজসেবা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আনিসুল হক মোল্লা।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আনিসুল হক মোল্লা। তিনি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান।

রোববার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

জানা গেছে, লক্ষ্মীকুণ্ডা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান আনিস-উর রহমান শরীফকে। স্থানীয় রাজনীতি ও ইউপি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে দুই আনিসের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে এবার নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আনিসুল হক মোল্লা গতকাল মনোনয়নপত্র জমা দেন।

আনিসুল হক মোল্লা বলেন, ‘গতবার ইউপি নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু জালিয়াতির মাধ্যমে মনোনয়নপত্র পরিবর্তন করে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। এবারও মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল মনোনয়ন দেয়নি। তাই ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

নৌকার প্রার্থী আনিস-উর রহমান শরীফের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, এখনো মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। আশা করি দলে বিদ্রোহী থাকবেন না। শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করবেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন