ঈশ্বরদীতে কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যুবার্ষিকী পালিত

ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে জসিম উদ্দিন মন্ডলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রয়াত জসিম উদ্দিন মন্ডলের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

ঈশ্বরদী নাগরিক কমিটির উদ্যোগে শনিবার দুপুরে  কেন্দ্রীয় গোরস্থানে জসিম মন্ডলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পথসভায় বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফান্টু, আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ, উদীচীর সভাপতি আব্দুল হাই মঞ্জু চৌধুরী, ঈশ্বরদীর সিনিয়র সাংবাদিক ডেইলি অবজারভার ও আজকের পত্রিকা প্রতিনিধি খোন্দকার মাহাবুবুল হক দুদু, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস প্রমুখ।

জসিম উদ্দিন মন্ডলের ছোট মেয়ে আসমা আলো এসময় উপস্থিত ছিলেন।   

বক্তারা বলেন, জসিম উদ্দিন মন্ডল দেশ প্রেমিক নির্লোভ ত্যাগী নেতা ছিলেন। তিনি শোষিত বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন।

পরে কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন