ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

 আলিফ আহমেদ। ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদন: অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত ঈশ্বরদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আলিফ আহমেদ।

আলিফ উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় ঈশ্বরদী-লালপুর সড়কের ভাদুর বটতলার এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আলিফ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার নিহত কলেজ শিক্ষার্থীর বাবা-মা ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন