![]() |
| নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী পথশিশুরা। |
নিজস্ব প্রতিবেদক: ছিন্নমূল শিশু ওরা। কারও বসবাস রেলওয়ে স্টেশনে, কেউ বেড়ে উঠছে পথের ধারে। তাদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতো সাধারণ। তবে প্রতি বছরের মতো এবার বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) কালীন সময়েইও এই শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন হাসি ফুটুক ওদের মুখে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ৩০ জন পথশিশুদের মাঝে সুশৃঙ্খলভাবে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদের নতুন পোশাক পাওয়া এক শিশু জানায়, তার বাবা-মা নেই। পথে পথেই থাকে। খোঁজ খবর নেয়ারও কেউ নেই। মানুষের দেয়া খাবার খেয়ে জীবনযাপন করে সে। ঈদের নতুন পোশাক পেয়ে সে খুবই আনন্দিত।
সংগঠনের একজন সদস্য সিয়াম জানান, “আমরা স্কুল ও কলেজে পড়া কয়েকজন শিক্ষার্থী মিলে পথ শিশুদের জন্য নতুন পোষাকের ব্যবস্থা করেছি।”
পথ-শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণকালে সংগঠক ও সাংবাদকর্মী কাউছার আহম্মেদ শাওন বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় পথশিশুরা অনেক মানবেতর জীবনযাপন করছে। পথ-শিশুরা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। আমাদের এই উদ্যোগ তাদের মাঝে ঈদের আনন্দ আনবে।

