নিজস্ব প্রতিবেদন: ‘ঈদের আগে ব্যাগভর্তি ঈদের বাজার এভাবে পাব, তা কখনও কল্পনা করিনি।’ সমকাল সুহৃদ সমাবেশের দেওয়া ঈদের উপহার পেয়ে আনন্দে এ কথা বলছিলেন ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর গ্রামের হতদরিদ্র মনোয়ারা বেগম।
শহরের বস্তিপাড়ার বাসিন্দা দিনমজুর মনিরুল ইসলাম বলেন, করোনায় কাজ হারিয়ে যখন ঈদের বাজার নিয়ে মহা দুশ্চিন্তায় ছিলাম, তখন এ উপহার পেয়ে মনে হচ্ছে, ঈদের চাঁদ হাতে পেয়েছি।
রোববার ঈশ্বরদীতে করোনায় কর্মহীন ও সুবিধাবঞ্চিতদের জন্য উপহার হিসেবে ৫০ পরিবারের হাতে ঈদের বাজার তুলে দিয়েছেন ঈশ্বরদীর সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। সুহৃদ সমাবেশের এবারের ঈদ সহায়তার স্লোগান ‘৫০০ টাকায় ঈদের খুশি’ কর্মসূচির অংশ হিসেবে এই ঈদ উপহার দেওয়া হয়। এ উপলক্ষে সাপ্তাহিক ঈশ্বরদী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস। তিনি আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহারের ব্যাগ তুলে দেন।
ইউএনও বলেন, সমকাল শুধু সংবাদ প্রকাশ করেই তাদের দায়িত্ব পালন শেষ করে না; সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় ও কর্মহীন মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে তা অনুকরণীয়।
সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর. কে. বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম বাবু, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, যুবলীগ নেতা হাজি জাহাঙ্গীর আলম, মাদকবিরোধী সংগঠন ‘মানাব’-এর সভাপতি মাসুম পারভেজ কল্লোল, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, সুহৃদ সমাবেশের সহসাধারণ সম্পাদক আলমাস হোসেন হিটু খন্দকার, সুহৃদ পিয়ারুল ইসলাম প্রমুখ।

