নিজস্ব প্রতিবেদক: আজ রাত ১২টায় শেষ হচ্ছে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা।
নির্বাচনে পৌরসভার ১৯টি ভোটকেন্দ্রের সবকটি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে মনে করা হচ্ছে। এরমধ্যে ৪টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ।
ভোট গ্রহণের জন্য ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও রিটার্নিং অফিসারের কার্যালয় প্রায় সব প্রস্তুতি শেষ করেছে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছু কিছু ভোটার ও প্রার্থীদের মনে রয়েছে শঙ্কা।
শনিবার ১৬ জানুয়ারি এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আইন অনুসারে নির্বাচনের ৩২ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়। সে হিসেবে আজ রাত ১২টায় প্রচারণা শেষ হবে। নির্বাচন সুষ্ঠু করতে র্যাব, পুলিশ, বিজিপি ও আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন ৭জন ম্যাজিষ্টেট। থাকবে ৩ প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
পৌরসভার মোট ভোটার রয়েছে ৫৫ হাজার ৫৬৮ জন। এর মধ্যে পুরুষ ২৭ হাজার ২৪১ জন ও নারী ভোটার ২৮ হাজার ৩২৭ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৯টি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার পিএম ইমরুল কায়েস পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করে বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃংখলতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

