ঈশ্বরদী উপজেলা উপনির্বাচন: ৭১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ সভায় বক্তব্যে দিচ্ছেন নায়েব আলী বিশ্বাস।
সংবাদ ডেস্ক: ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।

তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটি’র আহবায়ক হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টুকে সদস্যসচিব মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের ষ্টেশন রোড দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ সভায় দলীয় নেতারা এ কমিটি গঠন করে।

এর আগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে নির্বাচন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে মুঠোফোনে বক্তব্যে দেন। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নৌকার বিজয় নিশ্চিত করতে সব নেতাকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা প্রমুখ।

ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যু পর এ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস। গত ২৬ সেপ্টেম্বর উপনির্বাচনে নুরুজ্জামান বিশ্বাসের অংশগ্রহণের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। আগামী ১০ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন